এইচএসসি পরীক্ষা: সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ১২৭ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষা: সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ১২৭ শিক্ষার্থী

সিলেট শিক্ষা বোর্ডে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। প্রথম দিনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র বিষয়ের পরীক্ষায় বোর্ডের আওতাধীন চার জেলার ৯৬টি কেন্দ্রে মোট ৫৭ হাজার ১৭৬ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ১২৭ জন। তাছাড়া কোনো কেন্দ্র থেকে বহিষ্কারের ঘটনা ঘটেনি এবং সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত দৈনন্দিন তথ্য বিবরণীতে দেখা যায়, চার জেলা মিলিয়ে মোট পরীক্ষা কেন্দ্র ছিল ৯৬টি, যেখানে তথ্যপ্রাপ্ত কেন্দ্রের সংখ্যাও ৯৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ১৭৬ জনের বিপরীতে উপস্থিত ছিলেন ৫৬ হাজার ৪৯ জন। সব মিলিয়ে অনুপস্থিতির হার দাঁড়িয়েছে ১ দশমিক ৯৭ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থী বা বহিষ্কৃত পরিদর্শকের সংখ্যা শূন্য এবং কোনো কেন্দ্রেই কোনো ধরনের গোলযোগের বিবরণ পাওয়া যায়নি।

জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সিলেট জেলায় ৩৭টি কেন্দ্রে মোট ২৫ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৪ হাজার ৬৪৫ জন, অনুপস্থিত ৩৭৩ জন, যা শতকরা হিসাবে ১ দশমিক ৪৯ শতাংশ। হবিগঞ্জ জেলায় ২০টি কেন্দ্রে ১০ হাজার ১৮০ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ২৩৯ জন, যার হার ২ দশমিক ৮০ শতাংশ, যা চার জেলার মধ্যে সর্বোচ্চ। মৌলভীবাজারে ১৭টি কেন্দ্রে ১১ হাজার ৩২৮ জনের মধ্যে অনুপস্থিতির হার ২ দশমিক ২৮ শতাংশ এবং সুনামগঞ্জে ২২টি কেন্দ্রে ১০ হাজার ৬৫০ জনের মধ্যে অনুপস্থিতির হার ২ দশমিক ৪৫ শতাংশ।

জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে বোর্ড জানায়, সকালের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন কোনো কেন্দ্রেই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার তথ্য পাওয়া যায়নি।

 

শিক্ষা/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:০৮