আর্জেন্টিনার দুশ্চিন্তা আলভারেজ, মার্টিনেজ নির্ভার কেপ ভার্দে

আর্জেন্টিনার দুশ্চিন্তা আলভারেজ, মার্টিনেজ নির্ভার কেপ ভার্দে

নকআউটে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে আর্জেন্টিনা, কেপ ভার্দে সমান সমান! শক্তি, অভিজ্ঞতা, পরিসংখ্যান সবদিক থেকে আর্জেন্টিনা পরিস্কার এগিয়ে। কেপ ভার্দের তো এই ম্যাচে দাঁড়ানোর কথা নয়। দুইদলের পার্থক্য আকাশ- পাতাল হলেও একটা জায়গায় আর্জেন্টিনা- কেপ ভার্দে তো সমান। উভয় দলই গ্রুপ পর্বে অপরাজিত থেকেই নকআউটে এসেছে। আর্জেন্টিনার মতো কেপ ভার্দেও দুই ম্যাচে ক্লিনশিট! গ্রুপ এইচ এ আফ্রিকার বিস্ময় কেপ ভার্দের সঙ্গে ছিল ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন, ১৯৩০ সালে হওয়া প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া সৌদি আরব। নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র, দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ এবং শেষ গ্রুপ ম্যাচে সৌদি আরবের সাথে ০-০! এই কেপ ভার্দে যে কাল ভোরে আর্জেন্টিনাকে সহজে ছেড়ে দেবে না এটা বলাই যায়। তাঁদের তো হারানোর কিছু নেই। আফ্রিকা মহাদেশের ছোট্ট এক দেশ। বিশ্বকাপের মূল পর্বে খেলাই তো কেপ ভার্দের জন্য বিশেষ কিছু। সেখানে গ্রুপ পর্বে স্বপ্নের চেয়েও বড় পারফরম্যান্স। স্পেন, উরুগুয়ুকে রুখে দিয়েই লিওনেল মেসিদের মুখোমুখি হচ্ছে তাঁরা। গোলরক্ষক ভোজিনিয়া এখন বিশ্বজুড়ে পরিচিত নাম। স্পেনের বিপক্ষে অন্তত ১০টি নিশ্চিত গোল ঠেকিয়ে দেয়া ভোজিনিয়া আজ আর্জেন্টিনার জন্য হতে পারেন দুশ্চিন্তার কারন। যদিও আর্জেন্টাইন কোচ লায়নেল স্কালোনি কেবল ভোজিনিয়াকে নিয়ে ভাবছেন না। তাঁর চিন্তায় পুরো কেপ ভার্দে দলই। আফ্রিকার দেশটিকে শক্তিশালী প্রতিপক্ষ মেনেই নিজের ছক সাজাচ্ছেন স্কালোনি। জর্ডানের বিপক্ষে ম্যাচটাই অবশ্য আশা দেখাচ্ছে আর্জেন্টিনার কোচকে। সেদিন মেসি, ডি পল, ম্যাক এ্যালিস্টারদের বসিয়ে রিজার্ভ বেঞ্চের পরীক্ষা নিয়েছিলেন স্কালোনি। পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েই পাশ জিওভান্নি লো সেলসো, সিমিওনে, তাগলিয়াফিকোরা। আর্জেন্টিনা যে পুরোপুরি মেসি নির্ভর নয় সেটা প্রমাণের ম্যাচও ছিল। তবে সেলসো, সিমিওনেরা যতই গত ম্যাচে আলো ছড়ান না কেন আজ কেপ ভার্দের বিপক্ষেও লিওনেল মেসির ওপরই ভরসার হাত রাখতে হচ্ছে স্কালোনিকে। তিন ম্যাচে ছয় গোল করে রীতিমত উড়ছেন আর্জেন্টাইন অধিনায়ক। নিজের পজিশন থেকে নিচে নেমে এসে আক্রমণ গড়ে তোলা, বরাবরের মতো সহজ গোলের সুযোগ তৈরি করে দেয়া এবং নিজে গোল করা গ্রুপ পর্বে সবই করেছেন মেসি। কাল নকআউটে কেপ ভার্দের বিপক্ষেও তাই মেসিই আর্জেন্টিনার মূল ভরসা। তবে সমস্যা হলো একজনের ওপর নির্ভর হয়ে কতদিন চলা যায়। তিন ম্যাচে আট গোল করেছে আর্জেন্টিনা। এর ৬টি এসেছে মেসির পা থেকে। বাকি দুই গোলের একটি লো সেলসো করেছেন মেসিকে কার্বন কপি বানিয়ে, আরেকটি পেনাল্টি থেকে করেছেন লাউতারো মার্টিনেজ। আলভারেজ আর মার্টিনেজ ফরোয়ার্ড লাইনে আর্জেন্টিনার মূল ভরসা। কিন্তু গত তিন ম্যাচে তারকা দুই স্ট্রাইকার একেবারেই ব্যর্থ। গোল দূরের কথা বলও ঠিকমতো স্পর্শ করতে পারেননি দুজন! মেসি আশির্বাদ হয়ে না এলে গ্রুপ থেকেই হয়ত বিদায় নিতে হতো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। স্ট্রাইকাররা গোল না পেলে ম্যাচ জেতা যে কত কঠিন তার বড় উদাহরণ জার্মানি। ইকুয়েডরের বিপক্ষে হেরে নকআউটের শুরুতেই বিদায় নিয়েছে জার্মানরা। আজ রাত পেরিয়ে ভোরে আর্জেন্টিনার পরীক্ষা। বিশেষ করে আলভারেজ, মার্টিনেজের পরীক্ষা!

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:০৮