শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষকদের জন্য নির্মাণাধীন ১১ তলাবিশিষ্ট কোয়ার্টারের কাজ শেষ হলে সেটি সাময়িকভাবে নারী শিক্ষার্থীদের আবাসনের জন্য বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ছাত্রী হলের নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।

রবিবার (৫ জুলাই) বিকেল ৬টায় বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অনুরণন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসিক সুবিধা না থাকায় ইচ্ছা থাকলেও সবাইকে হলে রাখা সম্ভব হচ্ছে না। মেয়েদের নিরাপদ আবাসনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের জন্য নির্মাণাধীন ভবনটি সম্পন্ন হলে সেখানে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন নারী শিক্ষার্থীর থাকতে পারবেন। নতুন ছাত্রী হলের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত ভবনটি তাদের জন্য বরাদ্দ থাকবে।

এ সময় তিনি বলেন, “আমার কাছে আলাদিনের চেরাগ থাকলে আমাদের মেয়ে শিক্ষার্থীদের থাকার জন্য আট-দশটি আবাসিক হল বানিয়ে নিতাম।” এ মন্তব্যের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়টি তুলে ধরেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। যেন শিক্ষাজীবন দ্রুত করে দ্রুত চাকরি, উদ্যোক্তা হওয়া কিংবা অন্য কোনো পেশায় প্রতিষ্ঠিত হয়ে নিজেদের সফল হিসেবে গড়ে পারো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফাতেমা খাতুন, সাবেক বিভাগীয় প্রধান ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, কম্পিউটার এবং ইনফরমেশন সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমেদসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *