
২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল ৪৮টি দল। এক মাসের লড়াই শেষে সেই দৌড়ে টিকে আছে মাত্র দুটি দল-বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। গ্রুপ পর্ব থেকে নকআউট-প্রতিটি ধাপেই দাপুটে পারফরম্যান্সে কঠিন সব প্রতিপক্ষকে বিদায় করে দুই দলই পৌঁছে গেছে ফাইনালে।
আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী মহারণ। একদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, অন্যদিকে ২০১০ সালের পর আবার বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ফিরে পেতে লড়বে স্পেন।
যেভাবে ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা খেলেছিল গ্রুপ ‘জে’-তে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে স্কালোনির দল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে পরাজিত করে নকআউটের পথ আরও সহজ করে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে দারুণ লড়াই করে ৩-২ গোলের জয় পায় মেসিবাহিনী। রাউন্ড অব সিক্সটিনে মিশরকে একই ব্যবধানে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। এরপর সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে শেষ চার নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
গতরাতে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচের শেষ দিকে অসাধারণ প্রত্যাবর্তন করে ২-১ গোলের জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
স্পেন যেভাবে ফাইনালে
অন্যদিকে স্পেন ছিল গ্রুপ ‘এইচ’-এ। প্রথম ম্যাচে চমক দেখানো কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। তবে দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করে স্পেন।
নকআউট পর্বে স্পেনের যাত্রাও ছিল দুর্দান্ত। রাউন্ড অব ৩২-এ অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারানোর পর শেষ ষোলোতে চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগালকে ১-০ গোলে বিদায় করে তারা।
কোয়ার্টার ফাইনালে শক্তিশালী বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে স্পেন। এরপর সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে ২০১০ সালের পর আবারো বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ইউরো চ্যাম্পিয়ন স্পেন।
ফাইনালের আগে দুই দলের পরিসংখ্যানও বেশ চোখে পড়ার মতো। আর্জেন্টিনা এখন পর্যন্ত সাত ম্যাচের সাতটিতেই জয় পেয়েছে। অন্যদিকে স্পেন ছয় জয় ও এক ড্র নিয়ে অপরাজিত রয়েছে। আর্জেন্টিনা টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা দল, আর স্পেনের রক্ষণভাগ পুরো আসরে মাত্র একটি গোল হজম করেছে। তাই ১৯ জুলাইয়ের ফাইনাল জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে।
আমারসিলেট/হা



