
ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে পালিত হয়েছে শুভ রথযাত্রা মহোৎসব।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় সিলেট নগরের ইসকন মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিকেলে বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “এই বাংলাদেশ সবার। সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই আমাদের শক্তি। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে, তা ভবিষ্যতেও অটুট থাকবে।”
প্রধান বক্তার বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা সিলেটে সম্প্রীতির সঙ্গে একসঙ্গে বসবাস করছি। রথযাত্রা উপলক্ষে শুরু থেকেই সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিলেটে নিযুক্ত ভারতের হাইকমিশনার অনিরুদ্ধ দাস বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রার উদ্বোধন করেন। হরিধ্বনি, শঙ্খধ্বনি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সুসজ্জিত রথটি ইসকন মন্দির থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু, ভক্ত-অনুরাগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো নগরী উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস, ইসকন বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী, সিলেটের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইসকন বাংলাদেশের সিলেট বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের সদস্য বলদেব কৃপা দাস অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরেন জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দে, সিলেট মহানগর পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অর্জুন ঘোষ, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এ. এস. মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতাক সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ইশতিহার আহমদ সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।
রথযাত্রা উপলক্ষে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, কল্যাণ এবং সম্প্রীতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে হাজার-হাজার ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, রথযাত্রা মহোৎসব উপলক্ষে ৯ দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি চলবে।
উল্লেখ্য, আগামীকাল (শুক্রবার) ১৭ জুলাই বিকেল ৫টায় ইসকন সিলেট মন্দিরে রথযাত্রা মহোৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির।
এদিন ইসকন ইয়ুথ সেমিনার, আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আমারসিলেট/হা



