
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন। আমরা ঘুম থেকে উঠেই অনলাইনে খবর দেখি, কারণ খবরের সাথে সবসময় আপডেট থাকতে হয়। অনলাইন সাংবাদিকতা যেহেতু যুগোপযোগী, তাই আপনাদের দায়িত্ব হলো সঠিক সংবাদ উপস্থাপন করা। সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের অবিচল অবস্থান সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জীবনে চলার পথে খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন আছে। খেলাধুলা সবার মধ্যে টিম বিল্ডিং তৈরি করে, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে এবং কাজের মধ্যে স্পিরিট বাড়ায়।
সোমবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস-এর সহযোগিতায় আয়োজিত বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি নতুন সদস্যদের অভিনন্দন জানান।
ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ও ক্লাবের আজীবন সদস্য আফতাব চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “৫ আগস্টের পর অনলাইন গণমাধ্যমই জনগণের মুখপাত্র হয়ে উঠেছে। তবে দুঃখজনকভাবে কিছু তথাকথিত পেজের এডমিনরা সমাজে নেতিবাচক ভূমিকা রাখছে। আমরা আশা করি, সিলেট অনলাইন প্রেসক্লাব এসব নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ক্লাব সদস্য নুরুল আলম আলমাসের পবিত্র কোরআন তেলাওয়াত এবং জনি কান্ত শর্মার গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তারেক আহমদ খান। নতুন সদস্যদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন বাংলাভিশন ও দৈনিক শ্যামল সিলেটের ক্যামেরাপার্সন আজমল আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী কমিটির সদস্য মোশাহিদ আলী, সৈয়দ রাসেল আহমদ, ক্রীড়া উপ-কমিটির সদস্যবৃন্দ ও ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।
পরে অতিথিবৃন্দ নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



