
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তারা সবাই কীর্তন অনুষ্ঠান শেষে নৌকায় করে বাড়ি ফিরছিলেন।
শনিবার (১ আগস্ট) সকালে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তি জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার বাসিন্দা অরুণ দেবনাথ। তিনি মৃত অনিল দেবনাথের ছেলে। নিখোঁজরা হলেন একই এলাকার হেমেন্দ্র দেবনাথ (৩০), সত্যেন্দ্র নাথ সতী (৬৫) ও অধীর দেবনাথ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন সনাতন ধর্মাবলম্বী একটি নৌকায় করে পাশের ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
নৌকায় থাকা ১০ জনের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি চারজন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। পরে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হলেও বাকি তিনজনের সন্ধান এখনও মেলেনি।
ওসি শফিকুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ ছিলেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য তিনজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।



