জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা উল্লেখযোগ্য অংশ অপূর্ণ রয়ে গেছে বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ডানপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) সাস্ট চ্যাপটার।
বুধবার(০৫ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব অধ্যাপক ড. জামাল উদ্দীনের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন তারা। একইসাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সহ দেশের সর্বস্তরের জনগণকে জুলাই গনঅভ্যুত্থান দিবসের শুভেচ্ছা জানান সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল মানবিক মর্যাদা, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, জবাবদিহি, বৈষম্যহীন সমাজ এবং জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিষ্ঠা। কিন্তু দুই বছর পরও সেই প্রত্যাশার উল্লেখযোগ্য অংশ অপূর্ণ রয়ে গেছে। তাই জুলাইয়ের চেতনাকে বাস্তব রূপ দিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের প্রদত্ত রায় অনুযায়ী প্রয়োজনীয় সাংবিধানিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যকর করার জন্য ইউটিএল জোরালো আহ্বান জানায়।
বিবৃতিতে আরো বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের আত্মমর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক। ছাত্র-জনতা, শিক্ষক, শ্রমজীবী মানুষ এবং সর্বস্তরের নাগরিকের আত্মত্যাগে সংঘটিত এ গণঅভ্যুত্থানে শহিদ, আহত ও নির্যাতিত সকল মানুষের প্রতি ইউটিএল গভীর শ্রদ্ধা নিবেদন করছে।
বিবৃতিতে ইউটিএল সাস্ট চ্যাপ্টার মনে করে, বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন, মুক্তচিন্তা, গবেষণার স্বাধীনতা, অংশগ্রহণমূলক প্রশাসন এবং শিক্ষকদের ন্যায্য পেশাগত মর্যাদা নিশ্চিত করা জুলাইয়ের চেতনা বাস্তবায়নের অবিচ্ছেদ্য অংশ। সংগঠনটি আশা করে, জাতি জুলাইয়ের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও জ্ঞাননির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।



