চট্টগ্রাম চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড, ১২ বাগানের চা বিক্রি সাড়ে ৪ কোটি

চট্টগ্রাম চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড, ১২ বাগানের চা বিক্রি সাড়ে ৪ কোটি

 

চট্টগ্রাম চা নিলাম বাজারে এক নিলামে সর্বকালের নতুন রেকর্ড গড়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানের আওতাধীন ১২টি চা বাগানের উৎপাদিত চা উচ্চমূল্যে বিক্রি হয়ে মোট আয় হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৭২২ টাকা।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ আগস্ট অনুষ্ঠিত চট্টগ্রাম চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির ১ লাখ ৫১ হাজার ৫৬০ কেজি চা বিক্রি হয়। প্রতি কেজি চায়ের গড় মূল্য ছিল ২৮৬ টাকা ৫৯ পয়সা, যা সরকার নির্ধারিত ২৪৫ টাকার ফ্লোর প্রাইসের তুলনায় ৪১ টাকা ৫৯ পয়সা বেশি। কোম্পানির দাবি, এত বিপুল পরিমাণ চা এর আগে কখনো এত উচ্চ গড় মূল্যে বিক্রি হয়নি।

এবারের নিলামে কোম্পানির ১২টি চা বাগানের প্রতিটির চায়ের গড় বিক্রয়মূল্য কেজিপ্রতি ২৮০ টাকার বেশি ছিল। একই নিলামে সব বাগানের এমন উচ্চ গড় মূল্য অর্জনের ঘটনা এই প্রথম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উৎপাদনেও ইতিবাচক অগ্রগতির তথ্য দিয়েছে ন্যাশনাল টি কোম্পানি। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত কোম্পানির মোট চা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। আধুনিক ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং মানোন্নয়ন কার্যক্রমের ফলেই এ প্রবৃদ্ধি এসেছে বলে দাবি করা হয়েছে।

কোম্পানির ভাষ্য, চায়ের গুণগত মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে ‘দুটি পাতা ও একটি কুঁড়ি’ নীতি অনুসরণ করে কাঁচা পাতা সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও নিবিড় তদারকির ফলে উৎপাদিত চায়ের রং, সুগন্ধ, স্বাদ ও ঘনত্বের উন্নতি হয়েছে। এর ইতিবাচক প্রভাব নিলাম বাজারেও পড়েছে।

চা শিল্প–সংশ্লিষ্টরা মনে করছেন, উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ন্যাশনাল টি কোম্পানির এ সাফল্য দেশের চা শিল্পের জন্য ইতিবাচক বার্তা বহন করছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

ন্যাশনাল টি কোম্পানির কোম্পানি সচিব এ. কে. আজাদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন চা উৎপাদন ও গুণগত উৎকর্ষ বজায় রেখে দেশের চা শিল্পকে আরও সমৃদ্ধ করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে। একই সঙ্গে তিনি ভোক্তা, ক্রেতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩