
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি অন্য হাইকোর্ট বেঞ্চে স্থানান্তর করা হয়েছে। এক বিচারপতির সঙ্গে রিট আবেদনকারীর গ্রামের বাড়ি একই হওয়ায় নীতিগত কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (৪ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ওঠে। তবে শুরুতেই আদালত জানায়, বেঞ্চের এক বিচারপতির গ্রামের বাড়ি রিট আবেদনকারীর এলাকায় হওয়ায় তারা এ মামলা শুনতে অপারগ।
এরপর মামলাটি হাইকোর্টের ২০ নম্বর বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়, যেখানে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী রয়েছেন। পরবর্তীতে রিট আবেদনকারীর আইনজীবীরা ওই বেঞ্চে বিষয়টি উপস্থাপন করলে আদালত আগামী মঙ্গলবার (৫ মে) শুনানির জন্য মামলাটি কার্যতালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
শুনানির সময় রিটকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মোস্তাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম রুহুল কুদ্দুস কাজল।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে আপিল করলেও নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত বহাল রাখে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।