জমির ধান নষ্ট করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হামদু মিয়া হত্যা মামলার আসামি আবুল খায়েরকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার (১০ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের কোতোয়ালী থানাধীন একটি আইসক্রিম ফ্যাক্টরির ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবুল খায়ের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার বাগদিয়া বন্দেরবাড়ীর মৃত আব্দুল মন্নাফের ছেলে।

র‌্যাব জানায়, বাগদিয়া বন্দেরবাড়ী এলাকার বাসিন্দা হামদু মিয়ার ফসলের গত ১ আগস্ট সকালে জমি পূর্ব শত্রুতার জেরে নষ্ট করে আবুল খায়েরের পক্ষের লোকজন। তাদের গরু দিয়ে তার ধান খাওয়ানো শুরু করলে তিনি বাধা দেন। এরপর তার উপর চড়াও হন তারা। সকাল সাড়ে ৯টার দিকে তার বাড়ীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় হামদু মিয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা গুরুতর জখম হন। এ ঘটনায় হামদু মিয়ার স্ত্রী বাদী হয়ে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা (নং ৩/৩/৮/২৬) দায়ের করলে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আবুল খায়েরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তাকে বিজয়নগর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *