নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

জাতিসংঘের ফোরামে নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রী আরিফ

জাতিসংঘের ফোরামে নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রী আরিফ জাতিসংঘে ‘মাল্টি-স্টেকহোল্ডার রাউন্ড টেবিল-৪’–এ সহ-সভাপতি করছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলমান দ্বিতীয় ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম (আইএমআরএফ)-২০২৬-এ বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার (৬ মে) অনুষ্ঠিত ফোরামের ‘মাল্টি-স্টেকহোল্ডার রাউন্ড টেবিল-৪’–এ তিনি সহ-সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন এবং মূল বক্তব্য তুলে ধরেন।

এই রাউন্ড টেবিলে অভিবাসন শাসনের বৈশ্বিক অগ্রগতি এবং চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সহ-সভাপতির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দেন। প্রস্তাবনায় রয়েছে, অভিবাসন ব্যবস্থাপনায় দেশগুলোর মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব এবং তথ্য আদান-প্রদান ব্যবস্থার আধুনিকায়ন, প্রবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের বৈষম্য ও অপতথ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়া।

গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম) বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অভিবাসনকে অবশ্যই নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত হতে হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি পাঠাতে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের কথা তিনি বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন।

রাউন্ড টেবিলে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিবৃন্দ।

গত ৩ মে ঢাকা ত্যাগ করা এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে মন্ত্রীর সাথে রয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্ক থেকে প্রতিনিধি দলে যুক্ত হয়ে বিভিন্ন সেশনে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, ৫ মে শুরু হওয়া এই ফোরাম চলবে ৮ মে পর্যন্ত। প্রথম দুই দিন রাউন্ড টেবিল আলোচনার পর এখন সদস্য দেশগুলোর পলিসি ডিবেট এবং পূর্ণাঙ্গ অধিবেশন চলছে। সফর শেষে আগামী ১১ মে প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে গৃহীত ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি চার বছর অন্তর এই ফোরাম আয়োজিত হয়। ‘চ্যাম্পিয়ন কান্ট্রি’ হিসেবে বাংলাদেশ এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের ফোরামে মন্ত্রীর এই সহ-সভাপতিত্ব বৈশ্বিক অভিবাসন কূটনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাবের পরিচয় দেয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪