সিলেট মহানগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার ‘নিকুঞ্জ ভিলা’য় বয়স্ক দম্পতি মো. আব্দুস সাত্তার (৮২) ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)—এই তিনজনকে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়াকে (৪০) ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রবিবার (১৬ আগস্ট) সকালে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১২ আগস্ট (বুধবার) এই হত্যাকাণ্ডের পর পরই পুলিশ অভিযান চালিয়ে রায়নগর এলাকার এক কলোনি থেকে বাবুল মিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে বাবুল জানান, গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে তাঁর পূর্বপরিচয় ও সম্পর্কের জেরে তিনি ওই বাড়িতে যান। সেখানে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে তিনি প্রথমে তাহমিনা, পরে সুরাইয়া বেগম ও আব্দুস সাত্তারকে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।
নিহতদের ময়না তদন্ত শেষে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে জানাজা ও মানিক পীরের টিলায় দাফন সম্পন্ন হয়। এরপর নিহতদের প্রবাসফেরত সন্তানদের পক্ষ থেকে কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, নিহত আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।



