পিবিআইয়ের আবেদনে ফের রিমান্ডে বাবুল

সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলায় আসামি বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে পিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মোরসালিন বলেন, বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১২ আগস্ট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার ‘নিকুঞ্জ ভিলা’ নামের একটি বাসা থেকে ব্যবসায়ী এম আবদুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় হত্যা মামলা করা হয়।

মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এরই মধ্যে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। আসামির বক্তব্য, পুলিশের প্রাথমিক ধারণা এবং নিহতদের পরিবারের অভিযোগেও ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে।

পিবিআই বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রিমান্ডে বাবুলকে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০