মৌলভীবাজার শহরের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শহর মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে তৃতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মৌলভীবাজার পৌরসভায় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার প্রশাসক তানভীর হোসেন।
নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় পরামর্শক সেবার মাধ্যমে মৌলভীবাজার শহরের মহাপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় শহরের বর্তমান অবস্থা,ভবিষ্যৎ নগরায়ণ, সড়ক যোগাযোগ, জলাবদ্ধতা নিরসন,পানি নিষ্কাশন ব্যবস্থা,বর্জ্য ব্যবস্থাপনা,নাগরিক সুযোগ-সুবিধা,খেলার মাঠ,বিনোদন ব্যবস্থা,পার্ক,ফুটপাত,ড্রেন,ওর্য়াকওয়ে,পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অংশীজনরা শহরের পরিকল্পিত উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন। তারা মৌলভীবাজার শহরের দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনায় নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



