সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনার সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি নামবিহীন চিঠি পাওয়া গেছে। চিঠিতে বিএনপির সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসংক্রান্ত শর্ত আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যতিক্রমী এ চিঠি ঘিরে আলোচনা তৈরি হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্সের টাকা পঞ্চম দফায় প্রকাশ্যে গণনার সময় টাকার স্তূপের মধ্য থেকে চিঠিটি উদ্ধার করা হয়।
চিঠির বক্তব্য অনুযায়ী, লেখক বিএনপির সাংগঠনিক কাঠামোয় কিছু নিয়ম চালুর আহ্বান জানিয়েছেন। তাঁর প্রস্তাব, দলের সদস্য হতে হলে কমপক্ষে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ থাকতে হবে। আর কর্মী হওয়ার ক্ষেত্রে এইচএসসি পাস ও জিপিএ ৩.৫ অর্জনের শর্ত রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া চিঠিতে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগ পর্যন্ত কাউকে বিএনপির সঙ্গে যুক্ত না করার প্রস্তাবও রয়েছে। লেখক উল্লেখ করেছেন, তিনি ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, তবে পরবর্তী সময়ে সেখান থেকে সরে দাঁড়ান। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে দলের নিয়মকানুন ও সংস্কার নিয়ে ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন তিনি।
চিঠির শেষাংশে ইংরেজিতে লেখা রয়েছে, “I want the change to come through you…..”। এর বাংলা অর্থ, ‘আমি চাই, আপনার মাধ্যমেই পরিবর্তন আসুক।’
তবে চিঠিতে লেখকের নাম বা পরিচয় উল্লেখ করা হয়নি। ফলে কে এটি লিখেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিয়মিত গণনা হচ্ছে মাজারের দানের টাকা
এর আগে গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত কমিটির সভায় দানবাক্সের টাকা নিয়মিত গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ ব্যয় হবে মাজারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে।
হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগে নগদ অর্থ এবং বৈদেশিক মুদ্রার পাশাপাশি মাঝেমধ্যে বিভিন্ন ধরনের চিঠি বা আবেদনপত্রও পাওয়া যায়। এসব ব্যতিক্রমী চিঠি সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে।
