সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী ‘সিলেট বইমেলা’। মেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বইমেলা সফল করতে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরের কাজী নজরুল একাডেমি প্রাঙ্গণে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘আলোকিত সিলেট’-এর উদ্যোগে এবং সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সার্বিক সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হচ্ছে।

বইমেলার আহ্বায়ক নাহিদ আহমদের সভাপতিত্বে এবং কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান।

বইপড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান

সভায় বক্তারা বলেন, বই মানুষের জ্ঞান, মনন ও সৃজনশীলতা বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলা এবং লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে সংযোগ তৈরিতে বইমেলার গুরুত্ব অনেক।

সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন সফল করার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তাঁরা।

সভায় আরও বক্তব্য দেন মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম, জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল, আলোকিত সিলেটের সহসভাপতি জগলুল হক ও আব্দুল আউয়াল মিসবাহ, জাসাস নেতা আল-আমিন, সাংবাদিক শাহান আহমদ চৌধুরী, প্রকাশক মো. জসিম উদ্দিন, আলোকিত সিলেটের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান তালুকদার, প্রচার সম্পাদক মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, নাট্যকার কামাল আহমদ, কবি জেসমিন বেগম, আতিকুল ইসলাম, মো. কাজিম আহমদ ও মোশাহিদ মিয়াসহ অনেকে।

প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান

আয়োজক কমিটি জানিয়েছে, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বই বিক্রির পাশাপাশি প্রতিদিন মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতাপাঠের আয়োজন থাকবে।

বর্তমানে বইমেলার স্টল বুকিং কার্যক্রম চলছে। আগ্রহী প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ০১৭১২-৯৬১৭৩৫ অথবা ০১৭৩৪-৯২১১৩৫ নম্বরে যোগাযোগ করে স্টল বুকিং নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *