২ মে সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামী ২ মে সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে রোববার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সভায় সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক জানান, ২ মে সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বাসিয়া নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। নদীটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত। এ ছাড়া তিনি সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে এর নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা ফজিলাতুনেছা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ রাখা হয়। বর্তমানে চৌহাট্টায় অস্থায়ী কার্যালয়ে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। দক্ষিণ সুরমায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের নাম পুনরায় ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করা হয়।

প্রস্তুতিমূলক সভায় প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি ভবন সুসজ্জিত করা, রাস্তাঘাট মেরামত, নগর পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং সড়কের পাশের গাছপালার সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া সিলেট জেলা স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং প্রতিটি খেলার জন্য পৃথক দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৬
  • ৪:৩২
  • ৬:৪৪
  • ৮:১০
  • ৫:০৪