
এক দিনের রাষ্ট্রীয় সফরে দিনমান ব্যস্ততার ফাঁকে সিলেটের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আপ্যায়নে পরিবেশন করা হয় সিলেটের বিখ্যাত সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংসসহ বিভিন্ন জাতের দেশীয় খাবার।
শনিবার (২ মে) বিকেল ৩টায় সিলেটের সার্কিট হাউসে মধ্যাহ্নভোজে এ ঐতিহ্যবাহী খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল হুসেন।
তিনি বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের আত্মার আত্মীয় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেটে এসেছেন। সিলেটের বিখ্যাত সাতকড়া দিয়ে গরু মাংসসহ নানা তরকারি ছিল তার মধ্যাহ্নভোজে।
এছাড়া নদীর বোয়াল, শিং, টেংরা ও বাইম মাছসহ বিভিন্ন ধরনের আইটেম ছিল প্রধানমন্ত্রীর আতিথেয়তায়।
উল্লেখ্য, সিলেটে আগত অতিথিদের আপ্যায়নে সাতকড়া দিয়ে গরুর মাংস একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়, যা এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ বহন করে।