সিলেটে হামের উপসর্গে এক দিনে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সিলেটে হামের উপসর্গে এক দিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে পৃথক সময়ে তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে হামে বা হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

মারা যাওয়া শিশুরা হলো—সিলেট নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকার আবদুল মুমিনের ছেলে মাহাদি হাসান (৫ মাস), সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুন্নাহ মিয়ার ছেলে মুসতাকিন (৬ মাস) এবং বিশ্বম্ভরপুর উপজেলার সুরেশনগরের জাকারিয়ার মেয়ে জারা (৭ মাস)।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এই তিন শিশুর মৃত্যু হয়। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং ফেঞ্চুগঞ্জ, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৪১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে—১০৪ জন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনসহ অন্যান্য হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকিরা চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার এবং দ্রুত শনাক্তকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন। অন্যথায় রোগী ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

বর্তমানে সিলেট বিভাগে শিশুদের মধ্যে হামের সংক্রমণ পরিস্থিতি স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪