স্থানীয় সরকার নির্বাচন

১০০ পৌরসভা ও উপজেলায় এনসিপির প্রার্থী ঘোষণা

১০০ পৌরসভা ও উপজেলায় এনসিপির প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনের জন্য প্রথম ধাপে পাঁচ সিটিতে মেয়রপ্রার্থী ঘোষণার পর এবার প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, প্রথম ধাপে ১৩টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটির প্রার্থী ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীও ঘোষণা করা হবে। বর্তমানে দেশে ৫০০ উপজেলা ও ৩৩০ পৌরসভাসহ মোট ৮৩০টি ইউনিট রয়েছে। প্রথম ধাপে প্রার্থী হতে এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে।

আগামী মে’র মধ্যে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, এনসিপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা ছাড়াও অন্য রাজনৈতিক দল থেকে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরাও এনসিপির মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততা বা ফৌজদারি অপরাধে জড়িতদের সুযোগ দেওয়া হবে না।

সারজিস আলম বলেন, রাজনৈতিক দল হিসেবে এনসিপি ২০৩৬ সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্বকারী সরকারি দল হওয়ার স্বপ্ন দেখে। সে কারণে জোটগতভাবে নির্বাচন হবে কি না—এই অনিশ্চয়তায় বসে না থেকে দল এককভাবেও প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে এবং নেতাকর্মীদের প্রস্তুতির সুযোগ দিতে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হচ্ছে।

প্রথম ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে সিলেট বিভাগের ১টি পৌরসভা ও ৮টি উপজেলা রয়েছে । এরমধ্যে সিলেট জেলার ৫টি ও মৌলভীবাজারের ২টি ও হবিগঞ্জের ১টি পৌরসভা ও ১টি উপজেলা রয়েছে। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় এনসিপির চেয়ারম্যান প্রার্থী হলেন উবায়েদ আহমেদ, কানাইঘাটে বুরহান উদ্দিন ইউসূফ, ওসমানীনগরে মোশাহিদ আলী, জৈন্তাপুরে জাকারিয়া লাদেন ও গোয়াইনঘাটে মনসুরুল হাসান নগরী, মৌলভীবাজার জেলার রাজনগরে খালেদ আহমদ, কুলাউড়ায় সুফিয়ান আহমদ। হবিগঞ্জ জেলার আজমীরীগঞ্জ উপজেলার প্রার্থী কামাল আহমদ ও হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে মাহবুবুল বারী চৌধুরী মুবিনকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ প্রমুখ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪