ব্রেন টিউমারের কারণে প্রায় ৯ মাস অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতা কাটিয়ে ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।
ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। শ্যুটিংয়ের সময় ধারণকৃত কিছু ছবি পোস্ট করে নির্মাতা লেখেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’ (তানিয়া বৃষ্টি, তোমাকে আবারও স্বাগত)।
নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ অনেকে।
নির্মাতা জানান, সমাজে আজও কিছু কিছু ক্ষেত্রে কন্যাসন্তান থাকা পরিবারগুলোকে নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার অপচেষ্টা অনেক ক্ষেত্রেই দেখা যায়। নানা ওজুহাতে সম্পত্তির লোভে চাচা ও আত্মীয়দের একাংশ পিতৃহীন পরিবারগুলোর ওপর নির্যাতন চালায়, এমনকি তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদের চেষ্টাও করে। সমাজের এমনই এক নির্মম বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অংশীদার’।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য পরবর্তী সময়ে ভারতের চেন্নাইয়ে যেতে হয় তাকে। সেখানে আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ চিকিৎসা ও বিরতির পর অভিনয়ে তানিয়া বৃষ্টির এই প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে তার ভক্তদের মধ্যে। এবার নতুন কাজের মধ্য দিয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
