
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
দিরাই পিএফজির পিস অ্যাম্বাসেডর আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা।
প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল আহসান সৌরভ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা লক্ষী রানী তালুকদার, জামায়াতে ইসলামী দিরাই উপজেলা আমীর আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগম ও শিক্ষিকা রুবেনা আক্তার।
সংলাপে বিভিন্ন ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন অংশ নেন। বক্তারা ধর্মীয়, জাতিগত ও রাজনৈতিক সহিংসতা পরিহার করে শান্তি ও সম্প্রীতির সমাজ গঠনে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ধর্মীয় নেতারা নিজ নিজ ধর্মের সম্প্রীতির বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ১১ দফা ঘোষণাপত্র পাঠ করা হয়।