
নিজস্ব প্রতিবেদক
হাম ও হামের উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সিলেট বিভাগের। মারা যাওয়া শিশুদের মধ্যে চার জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর আট শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ১১১ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
হাম শনাক্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের এবং একজন করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে ৩৭৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭৪ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।
এ সময়ে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৫৫ হাজার ৬১১ শিশুর শরীরে। তাদের মধ্যে ৪০ হাজার ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিল এবং ৩৬ হাজার ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৭ হাজার ৪১৬ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।