
মৌলভীবাজার জেলা শহরের কোর্ট রোড এলাকায় অবস্থিত জনপ্রিয় খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘মিঠাই’-কে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং সেবা প্রদানে অবহেলার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দীর্ঘদিন ধরেই ‘মিঠাই’ শোরুমটির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি এবং গ্রাহকদের সাথে দায়িত্বজ্ঞানহীন আচরণ করার মৌখিক অভিযোগ আসছিল। ভোক্তাদের এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অধিদপ্তর তদন্ত পরিচালনা করে এবং অভিযোগের সত্যতা পায়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানের ম্যানেজার ও এরিয়া ম্যানেজার তাদের অপরাধের কথা লিখিতভাবে স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে মুচলেকা দেন। এরপরই প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক মো: আল আমিন সংবাদমাধ্যমকে জানান “মিঠাই যেহেতু প্রাণ-আরএফএল গ্রুপের মতো একটি স্বনামধন্য ও বড় কোম্পানির প্রতিষ্ঠান এবং তাদের পণ্যের দামও তুলনামূলক বেশি, সেহেতু তাদের কাছ থেকে এমন নিম্নমানের সেবা ও অবহেলা ভোক্তাদের কোনোভাবেই কাম্য নয়।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তবে প্রতিষ্ঠানটি সরাসরি সিলগালা করে দেওয়া হবে এবং আইন অনুযায়ী আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে জেলা জুড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।