
জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রায়হান এবং জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ চেকিং ও টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় জুড়ী থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশ ও বহির্গমন পথ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসময় সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রায়হান জানান, বিশেষ এ ড্রিলের মাধ্যমে পুলিশ সদস্যদের তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা, সমন্বিত অভিযান পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাই করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ এবং অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে।