
বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর জেনেভা সফর উপলক্ষে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধিদল। এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরে মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
শনিবার (৬ জুন) ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধিদল মন্ত্রীর সাথে এই সৌজন্য সাক্ষাৎ করে। ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে মন্ত্রী জেনেভায় পৌঁছালে ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে প্রতিনিধিদলটি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট ১৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করে। দাবিগুলোর মধ্যে ঢাকা-প্যারিস সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
স্মারকলিপি গ্রহণ করে মন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি বলেন, বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা মো. লুৎফর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম রাসেল, আবদুল হাকিম, ফ্রান্স যুবদলের সহসভাপতি আবু বকর, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এম আলী চৌধুরী, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, আল-আমিন এবং কামরুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।