
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউছার মিয়া (৩২) নরসিংদীর বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের বাসিন্দা। তিনি মৃত মুতি মিয়ার ছেলে এবং পিকআপ ভ্যানটির চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপ ভ্যান সুতাং ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যান ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপচালক কাউছার মিয়ার মৃত্যু হয়। আহত হন পিকআপের সহকারী, ট্রাকচালক ও অটোরিকশাচালক।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
হবিগঞ্জ/হা