জৈন্তাপুরে র‍্যাব বিজিবির যৌথ অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় জিরা ও পিকআপ উদ্ধার

জৈন্তাপুরে র‍্যাব বিজিবির যৌথ অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় জিরা ও পিকআপ উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং ৪৮ বিজিবির যৌথ অভিযানে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি জিরা ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) র‍্যাব-৯, সদর দপ্তর সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং ৪৮ বিজিবির একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৭৯০ কেজি ভারতীয় জিরা এবং একটি পিকআপ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা জিরা ও পিকআপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। তবে অভিযান চলাকালে এসব চোরাচালানি পণ্যের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা জিরা ও পিকআপ জব্দ তালিকাসহ ৪৮ বিজিবি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৮
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১২