
হবিগঞ্জে প্রবেশ করতে না পেরে জেলার বাহুবল উপজেলার মুসাই নামক স্থানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতারা রাস্তায় বসে প্রতিবাদ জানিয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় সড়ক বন্ধ করে তাদের গাড়ি আটকে দেয় পুলিশ। পরে এনসিপির নেতাকর্মীরা পুলিশের বাধা পেরিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে আবার হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা হন। তবে কিছুদূর যাওয়ার পর ফের পুলিশের বাধায় আটকা পড়েন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জের মিরপুর এলাকায় পুলিশ গাড়িবহর আটকে দিলে সেখানে বসে পড়েন নেতারা। পরে পুলিশের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ নেতারা।
এসময় পুলিশকে উদ্দেশ্য করে নাহিদ ইসলামকে বলতে শোনা যায়, ‘আপনারা কেন আমাদের গাড়ি আটকে দিয়েছেন? আমরা হবিগঞ্জ যাবো। সেখানে আমরা মামলা করবো।’
এর আগে হবিগঞ্জের মিরপুর এলাকায় মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
এর আগে বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা হন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।



