শ্রীমঙ্গলে পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

শ্রীমঙ্গলে পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

পুলিশের ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্‌বিতণ্ডা শেষে বিকেল পাঁচটার দিকে রওয়ানা হন তাঁরা। হবিগঞ্জে গিয়ে তাঁদের সংবাদ সম্মেলন করার কথা।

এর আগে আজ বুধবার বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেওয়া হয়। গাড়ি বহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপি নেতাদের পথরোধ করতে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের ব্যারিকেড।

এনসিপির নেতাদের অভিযোগ, হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে পুলিশ তাঁদের সামনে এগোতে নিরুৎসাহিত করে। ফলে নেতাকর্মীদের গাড়ি বহর চা–কন্যা ভাস্কর্যের সামনেই অবস্থান নেয়।

এর আগে বুধবার বিকেল তিনটায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ডাক দেয় এনসিপি)। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা জারির পরও এনসিপির নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়।

এ বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৩
  • ৮:০৬
  • ৫:১৮