থাইল্যান্ডে স্কুলে গুলিবর্ষণ: শিক্ষকসহ নিহত ৭, সন্দেহভাজন কিশোরও মৃত

থাইল্যান্ডে স্কুলে গুলিবর্ষণ: শিক্ষকসহ নিহত ৭, সন্দেহভাজন কিশোরও মৃত

 

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় শিক্ষকসহ সাতজন নিহত হয়েছেন। হামলার জন্য সন্দেহভাজন ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীও মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার কিছু পর ননথাবুরি এলাকার ডেবসিরিন ননথাবুরি স্কুলে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার আগে ওই কিশোর নিজ বাড়িতে তার দাদা ও দাদিকে গুলি করে হত্যা করে। এরপর সে স্কুলে গিয়ে শিক্ষকদের লক্ষ্য করে গুলি চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সাতজনের মধ্যে পাঁচজনই শিক্ষক।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি হামলাকারীকে একজন শিক্ষককে গুলি করতে দেখেছেন। গুলির শব্দে শিক্ষার্থী ও স্কুলের কর্মীরা নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ে পালান। পরে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয় এবং স্কুলসংলগ্ন এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে সতর্ক করে পুলিশ।

পুলিশের ভাষ্য, হামলায় ব্যবহৃত ৯ মিলিমিটার পিস্তলটি হামলাকারীর দাদার মালিকানাধীন ছিল। তার কাছ থেকে আরও অন্তত ৩৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে সে এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ব্যাংকক থেকে বিবিসির প্রতিবেদক জোনাথন হেড জানিয়েছেন, হামলাকারী মূলত শিক্ষকদের লক্ষ্যবস্তু করেছিল বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক ঘণ্টা ধরে গুলির ঘটনা চলে। পরে ওই কিশোর নিজের ওপরও গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা।

নিহত এক শিক্ষিকার স্বজন সাংবাদিকদের বলেন, ‘এটা কখনোই হওয়ার কথা ছিল না।’ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেবসিরিন ননথাবুরি স্কুল থাইল্যান্ডের অন্যতম পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। ব্যাংককের উত্তরের ঘনবসতিপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত স্কুলটিতে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে।

চলতি বছরে থাইল্যান্ডে এটি দ্বিতীয় স্কুলে গুলিবর্ষণের ঘটনা। এর আগে ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলের একটি স্কুলে বন্দুক হামলায় এক অধ্যক্ষ ও এক ছাত্রী নিহত হন। ২০২২ সালে নং বুয়া লামফু প্রদেশের একটি শিশু দিবাযত্ন কেন্দ্রে বন্দুক ও ছুরি হামলায় ৩৭ জন নিহত হওয়ার ঘটনাও দেশটিকে নাড়িয়ে দিয়েছিল।

সাম্প্রতিক এ হামলার পর থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করার দাবি নতুন করে জোরালো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে ব্যক্তিগত অস্ত্রের মালিকানার হার তুলনামূলক বেশি। বৈধ ও অবৈধ—উভয় পথেই অস্ত্র সংগ্রহের সুযোগ থাকায় বন্দুক-সংক্রান্ত সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপের দাবি আরও জোরদার হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩