সিলেটের জৈন্তাপুরে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করে ধ্বংস করা হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আদর্শ গ্রাম বালুর ঘাট থেকে ৪নং বাংলাবাজার পর্যন্ত রাংপানি নদীর অংশে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুল ইসলাম। টাস্কফোর্সের এ অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৪৮-এর দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্য ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা যৌথভাবে সহযোগিতা করেন।

 

অভিযান চলাকালে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় নৌকাগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

 

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুল ইসলাম বলেন, “নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *