পথচলার ৪৮ বছরে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল।

তবে বিএনপি প্রতিষ্ঠার আগে জিয়াউর রহমানের রাজনীতিতে আসা, রাষ্ট্র পরিচালনা এবং একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির মধ্য দিয়ে দল গঠনের প্রেক্ষাপট তৈরি হয়।

মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউর রহমান ছিলেন একজন সেক্টর কমান্ডার। জাতির সংকটময় পরিস্থিতিতে স্বাধীনতার ঘোষণাও দেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয় বীর উত্তম খেতাব।

১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে একের পর এক সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ঘটনা ঘটে। ৭ নভেম্বরের সিপাহী বিপ্লবের পর তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে উঠে আসেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

জিয়াউর রহমানের নেতৃত্বের প্রতি জনগণের সমর্থন যাচাইয়ে ১৯৭৭ সালে অনুষ্ঠিত হয় গণভোট। নির্বাচন কমিশনের হিসাবে, ওই ভোটে ৮৮ শতাংশের বেশি ভোটার অংশ নেন। অংশগ্রহণকারীদের প্রায় ৯৯ শতাংশই জিয়াউর রহমানের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন।

উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৯৭৭ সালের ২২ মে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন জিয়াউর রহমান। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল’ বা জাগদল গঠনের ঘোষণা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ওই বছরের ১ মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ফ্রন্ট ঘোষণা করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মের মাধ্যমে রাজনীতিতে জিয়াউর রহমানের আনুষ্ঠানিক আবির্ভাব ঘটে।

জুন মাসে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৭৬ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন জিয়াউর রহমান। এরপর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে জিয়াউর রহমানকে দলের প্রধান করে বিএনপির নাম, গঠনতন্ত্র ও কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের।

তবে প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মাথায় বড় ধাক্কা আসে দলটিতে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এতে নেতৃত্বের সংকটে পড়ে বিএনপি।

দলের নেতা-কর্মীদের অনুরোধ এবং দেশের রাজনৈতিক বাস্তবতায় দলের হাল ধরেন তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া। ১৯৮২ সালে বিএনপির প্রাথমিক সদস্যপদ এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। এরপর চার দশকেরও বেশি সময় বিএনপির নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া।

দীর্ঘ এই সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামে অংশ নেয় বিএনপি। ১৯৮৬ সালে এরশাদ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বর্জন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করেন তিনি।

১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। তাঁর সরকারের সময় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয়।

১৯৯৬ সালে সাংবিধানিক সংকট এড়াতে জাতীয় নির্বাচন আয়োজন করে বিএনপি সরকার। ওই নির্বাচনে জয় পেলেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করে ক্ষমতা ছেড়ে দেন খালেদা জিয়া। পরে ২০০১ সালের জাতীয় নির্বাচনে আবারও জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় ফেরে বিএনপি।

২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে জিয়া পরিবারের বড় ছেলে তারেক রহমান লন্ডনে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হন। এর পরের বছর, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

পরবর্তী ১৬ বছরের আওয়ামী লীগ শাসনামলে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো দমন-পীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ করে দলটি। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্বের মধ্যেও লন্ডন থেকে দলের নেতৃত্বের দায়িত্ব সামলান তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত বছরের ৩০ ডিসেম্বর তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর চলতি বছরের ৯ জানুয়ারি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতা তৈরি হয়। এরপর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করে বিএনপি।

দল প্রতিষ্ঠার ৪৮ বছর পর জিয়া পরিবারের দ্বিতীয় প্রজন্মের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

৪৮ বছরের রাজনৈতিক পথচলায় নানা উত্থান-পতন, আন্দোলন-সংগ্রাম এবং ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মীদের প্রত্যাশা—আগামী দিনের রাজনীতিতে আরও শক্তিশালী ও গণতান্ত্রিক ভূমিকা রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩