গৃহকর্মী প্রীতি উরাংয়ের ‘অবহেলাজনিত মৃত্যু’র মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২০২৭ সালের আগামী ৪ জানুয়ারি দিন রেখেছে আদালত।
অভিযোগ গঠনের শুনানির সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষে আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে বিল্লাল হোসেন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। পরে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয়।
মামলার বিবরণে বলা হয়েছে, মৌলভীবাজার জেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের ভেতরে প্রীতি উরাংদের ঘর।
ঘটনার আগ থেকে প্রায় দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলায় সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত মেয়েটি।
২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি ২০২৪ সকালে বাসার বসার ঘরের জানালায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় কাচের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় প্রীতি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই ঘটনায় প্রীতির বাবা লোকেশ উরাং মামলা দায়ের করেন। আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের এসআই এস এম মাহমুদ রেজা গত ৩১ মার্চ দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
আশফাকুল হক ও তানিয়া খন্দকার চার মাসের মত কারাগারে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০২৪ সালের জুন মাসে তারা কারামুক্ত হন।
২০২৪ সালের ২ এপ্রিল প্রীতি উরাংয়ের মৃত্যুর মামলায় কারাগারে থাকা অবস্থায় আশফাকুল হককে অব্যাহতি দেওয়ার কথা জানায় ডেইলি স্টার কর্তৃপক্ষ।



