এক-দেড় সপ্তাহের মধ্যেই গ্যাস-বিদ্যুত সংকটের সমাধান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এক-দেড় সপ্তাহের মধ্যেই গ্যাস-বিদ্যুত সংকটের সমাধান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গ্যাসসহ জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে, সমাধান এক-দেড় সপ্তাহের মধ্যেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা একথা জানান।

তিনি বলেন, মহেশখালীর গ্যাসের টার্মিনালে কারিগরি ত্রুটি হয়েছিলো সেটা এখন ঠিক হয়ে এসছে। ওখানে গ্যাস পুনর্ভরণ হয়ে আপনারা দেখবেন যে এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ গ্যাসের সচল সরবরাহ হবে, গ্যাস সংকটের নিরসন হবে।

বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছে বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে মহানগর উত্তরের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশের বৃক্ষরোপন কর্মসূচির হচ্ছে। নিম গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন রিজভী।

এই সময় বিএনপির যুগ্ম মহাসচিব পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন, মহানগর উত্তরের মোস্তফা জামানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, রান্নাঘরে এখন গ্যাসের অভাবের যে চুলা কম কম করে জ্বলছে সেই চুলা আবার জ্বলতে থাকবে। মিল-কল-কারখানার জন্য যে পর্যাপ্ত জ্বালানি দরকার সেই জ্বালানির ব্যবস্থা ইনশাআল্লাহ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে… এটা সরকারের কমিটমেন্ট।

রিজভী বলেন, এই যে, জনগণের দুর্ভোগ এই দুর্ভোগকে নিরসন করার জন্য ইতিমধ্যেই দ্রুত এলএনজি কেনা, জ্বালানি কেনার জন্য সরকার আরো ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাজেটে জ্বালানি খাতে যে বরাদ্দ আছে তার অতিরিক্ত এটি। সরকার বসে নেই।

জ্বালানি সংকট বর্তমান সরকারের ত্রুটির কারণে নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, এই সংকট সরকারের ত্রুটির কারণে নয়। আপনারা জানেন, আমেরিকা-ইরান যুদ্ধ চলছে এবং মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে সবচাইতে বেশি জ্বালানির জাহাজ আসে, কার্গো আসে…. সেই হরমুজ প্রণালী বন্ধ সেখানে সবাই ভয় পাচ্ছে যে মাইন পোতা আছে, বোম পোতা আছে। আবার আকাশ দিয়ে বোম পড়ছে। যেহেতু যুদ্ধ চলছে সেজন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ আছে। ফলে গ্যাস সংকট একটা গ্লোভাল সংকট। এই সংকট কিভাবে নিরসন করা যায় সেজন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ প্রত্যেকটি জায়গায় আমাদের সরকার উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে এবং দ্রুত যাতে এটা মোকাবেলা করা যায় সেই ব্যবস্থা তারা নিয়েছে।

গ্যাস সংকট নিয়ে বিরোধী দলের আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে রহুল কবির রিজভী বলেন, যদি কনস্ট্রাক্টিভ বিরোধী দল হন তাহলে সেই কথাগুলো (কেনো গ্যাসের সংকট) বলতে হবে। আর যদি মানে সরকারকে বিপাকে ফেলা এবং ঘোলাপানিতে মাছ শিকারের ব্যাপার হয় তাহলে সেটা ভিন্ন ব্যাপার। সরকার জনগনের স্বার্থকে সর্বোচ্চ স্থান দেয়,  জনগনের স্বার্থের বিপরীতে কোন পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। যার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা তুলে ধরে রিজভী বলেন, এই জলবায়ু পরিবর্তনের বিপদকে নিরসন করতে হলে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে। আমাদের হাজা-মজা যে সমস্ত জলাভূমি আছে সেগুলোকে পুনর্খনন করতে হবে, সেগুলোকে আরো বেশি নিষ্কলুষ করতে হবে। অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রির কেমিক্যালের বর্জ্য গিয়ে এবং অন্যান্য বিষাক্ত পদার্থ গিয়ে সেই পানিকে নষ্ট করছে। আমাদের নদী, নালা, খাল, বীর সেগুলো মুক্ত করতে হবে।

গুরু দায়িত্ব হিসেবে সরকারের প্রধান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি ঘোষণা করেছেন পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে এবং এই ব্যাপারে উনি সারাদেশের মানুষকে এবং দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছেন। স্কুলের যারা শিক্ষার্থী শিশু তাদের বৃক্ষরোপন করতে বলেছেন। একজন শিশু একটি বৃক্ষ অর্থাৎ একটা শিশু তার বাড়ির আঙ্গিনায় সে বৃক্ষরোপণ করবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩