শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর কনফারেন্স রুমে ‘Empowering Campus Journalists: AI, Data-Driven Investigation, Feature Writing & Digital Ethics’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি এম রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: খায়রুল ইসলাম বলেন, আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটাভিত্তিক অনুসন্ধান, বস্তুনিষ্ঠ ফিচার রাইটিং এবং ডিজিটাল এথিকস বজায় রাখা অত্যন্ত জরুরি। ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ‘আমরা সবাই সবকিছু জানব, এটা সম্ভব নয়। প্রত্যেক মানুষেরই কিছু সীমাবদ্ধতা থাকে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সেই সীমাবদ্ধতাগুলো অনেকটাই দূর করা সম্ভব।’
ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে তিনি বলেন, বর্তমানে বিভিন্ন মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। ক্যাম্পাস সাংবাদিকদের মাধ্যমে কোনো তথ্য প্রচারিত হলে মানুষ সেটিকে বিশ্বাস করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পার্থক্য রয়েছে। তাই দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করে সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভাইস চ্যান্সেলর আরো বলেন, ‘আমি সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করতে চাই। বিশ্ববিদ্যালয়ের যেকোনো ভালো ও গঠনমূলক কাজের সঙ্গে প্রশাসনের পূর্ণ সমর্থন থাকবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. সালমা আখতার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: আবদুল হামিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন আল জাজিরার বাংলাদেশ প্রতিনিধি মউদুদ আহমেদ সুজন, প্রথম আলো ডিজিটালের ম্যানেজার (বিজনেস) খায়রুল বাশার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফয়জুল্লাহ ওয়াসিফ।
কর্মশালায় শাবিপ্রবিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।



