ঢাকা-সিলেট মহাসড়ক ২০২৯ সালের মাঝামাঝির মধ্যে জনগণের ব্যবহার উপযোগী হবে বলে প্রত্যাশা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের একটি জরাজীর্ণতা আছে। গত সাড়ে চার বছরে প্রকল্পটির মাত্র ১৮ শতাংশ জমি অধিগ্রহণ হয়েছিল। গত ছয় মাসে তা ৬৫ শতাংশে উন্নীত করা হয়েছে। ইউটিলিটি ও সার্ভিস শিফটিংয়ের কাজ একেবারেই ছিল না, সেটিও সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, প্রকল্পটির ভৌত কাজের অগ্রগতি ছিল মাত্র ১৩ শতাংশ। গত ছয় মাসে তা ৩৮ শতাংশ ছাড়িয়েছে।
আগামী দুই মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন শেখ রবিউল আলম। এরপর ২০২৯ সালের মাঝামাঝির মধ্যে সড়কটি জনগণের ব্যবহার উপযোগী হবে বলে প্রত্যাশা করেন তিনি।
জাতীয় গুরুত্ব বিবেচনায় সিলেট থেকে প্রথম সাত কিলোমিটার সংস্কার করে চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।



