ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় একটি সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে হুথি বিদ্রোহীরা। ‘কারিয়াল’ মডেলের সশস্ত্র নজরদারি ড্রোনটি উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে বলে জানান হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি একথা জানান।
উত্তর-পশ্চিম ইয়েমেনের বিশাল অংশের নিয়ন্ত্রণকারী হুথিরা গত সপ্তাহে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে। এছাড়া তারা সৌদি ভূখণ্ডেও হামলা চালিয়েছে। এতে অনেক মানুষ আহত হয়।
এদিকে, ইয়েমেনের চারটি প্রদেশে ৪০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এর মধ্যে পশ্চিমের আল-হুদাইদাহ প্রদেশের বিভিন্ন এলাকায় ৯টি হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার হুথি পরিচালিত বার্তা সংস্থা সাবা এ তথ্য জানায়। তবে এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা



