সিলেটের জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে সেটির নিচে চাপা পড়ে মোঃ এবাদুর রহমান (৪১) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় কাজী ফার্মের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ এবাদুর রহমান জকিগঞ্জ উপজেলার শাহগলি কেশরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।
জানা যায়, রাতে লরি (সিলেট-শ-১১-০০৭৩) যোগে একটি এস্কেভেটর নিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন এবাদুর রহমান। পশ্চিম বালিপাড়া এলাকায় সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় লরি থেকে এস্কেভেটরটি পড়ে যায়। এ সময় এস্কেভেটরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



