সিলেটের বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুলের নাসায় ঢুকে তাকে মারধর এবং ঘরে লুটপাট ও ভাংচুরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ থানায় আব্দুল মজিদ বকুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বার ১১।
ঘটনার ৫ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি শামীম আহমদ ওরফে চাক্কু শামীমকে প্রধান আসামি করে দায়ের করা মামলায় আরও ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বদরুল আলম (মুফতিরগাঁও), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিব মিয়া (বিশ্বনাথ নুতন বাজার), নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকন (চান্দশিরকাপন), সহসভাপতি কয়েছ আহমদ (জানাইয়া), সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন (মুফতিরগাঁও), যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (দৌলতপুর), রেজাউল ইসলাম রেজা (শ্রীধরপুর), সাংগঠনিক সম্পাদক শেখ সালমান আহমেদ (পাহাড়পুর), প্রচার সম্পাদক পারভেজ আহমদ (বন্ধুয়া), যুবলীগ নেতা রাজন আহমদ অপু (মুফতিরগাও), নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক বিজয় (তেলিকোনা), কার্যক্রম নিষিদ্ধ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশিক আলী (সেনারগাঁও), স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী (শরিষপুর), এবং ওয়াজিবুল মিয়া (মিরেরচর), হেলাল (দক্ষিণ দশপাইকা), আইদিদ আহমেদ (অজ্ঞাত), আবু আহমেদ তালহা (অজ্ঞাত), নাইম আহমদ (অজ্ঞাত), আব্দুল হক কুতুব (চকরামপ্রসাদ)।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে আব্দুল মজিদ বকুল পৌর শহরের টিএন্ডটি রোডের নিজ বাসায় অবস্থানকালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদ ওরফে চাক্কু শামীমের নেতৃত্বে অভিযুক্তরা রামদা, দা, চাইনিজ কুড়াল, লোহাড় রড়, জিআই পাইপ, লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে তাঁর বাসায় অনাধিকার প্রবেশ করে হামলা চালান। হামলায় তিনি গুরুতর আহত হন। এসময় অভিযুক্তরা বকুলের বাসায় থাকা আলমিরা ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ভাংচুর করে।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



