শাবিপ্রবিকে সীমান্ত ব্যাংকের মাইক্রোবাস উপহার

শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) একটি মাইক্রোবাস উপহার দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর ভাইস চ্যান্সেলর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের কাছে চাবি হস্তান্তর করেন সীমান্ত ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আজীম।

 

চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম সীমান্ত ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাইক্রোবাসটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে। সীমান্ত ব্যাংকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি দেশব্যাপী সীমান্ত ব্যাংকের বিভিন্ন ইতিবাচক কার্যক্রমের প্রশংসা করে আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। আপনারা ব্যাংকিং ও প্রযুক্তির যে সকল অগ্রগামী পরিকল্পনার কথা ভাবছেন, সেগুলো বাস্তবায়নে আমাদের শিক্ষার্থীরাও আগ্রহের সঙ্গে কাজ করতে সক্ষম হবে।

 

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে কর্নেল মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আমি শাবিপ্রবিতে আসতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। বিশ্ববিদ্যালয়ের সাথে ব্যাসিক টেকনিক্যাল নলেজ, অপারেশনাল নলেজ, ইভেন ইন্টারন্যাশনাল রিলেশন নলেজের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা যৌথভাবে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে।

 

সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ নুরুল আজীম তাঁর স্মৃতিচারণমূলক বক্তব্যে বলেন, আজকের এই মাইক্রোবাস হস্তান্তর প্রক্রিয়াটির পেছনে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের একটি কথা বিশেষ ভূমিকা রেখেছে, যা আজও আমার মনে গভীর রেখাপাত করে। তিনি বলেছিলেন, ‘আমি শাবিপ্রবিতে সীমান্ত ব্যাংকের উপস্থিতি দেখতে চাই।’ তাঁর সেই আহ্বানের ধারাবাহিকতায় আজ আমরা এখানে। সীমান্ত ব্যাংক বর্তমানে পেপারলেস ও আধুনিক ব্যাংকিংয়ের বেশ কিছু রূপকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে শিক্ষার সার্বিক উন্নয়নে সহযোগী হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরিবহন প্রশাসক, প্রভোস্ট, হিসাব পরিচালক, সহকারী প্রক্টরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০