সিলেটে সিএনজি অটোরিকশায় তুলে এক নারীকে অপহরণের পর বিশ্বনাথে এনে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইদুর রহমান (৩০) নামের এক সিএনজিচালককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
সোমবার দুপুরে ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাইদুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার হায়াতপুরগাঁও এলাকার হাসিব আলীর ছেলে।
এসআরবি-৯ সূত্র জানায়, গত ১৪ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে সিলেট নগরের চণ্ডীপুল এলাকা থেকে ছাতকের উদ্দেশে সাইদুর রহমানের সিএনজি অটোরিকশায় ওঠেন ওই নারী। পথে একটি বাজারে গাড়ি থামিয়ে মালামাল কেনেন সাইদুর। পরে সেগুলো নিজের বাড়িতে রেখে আসার কথা বলে কৌশলে ওই নারীকে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর এলাকার একটি নির্জন বাড়ির সামনে নিয়ে যান তিনি।
মামলার অভিযোগে বলা হয়, রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে আগে থেকে অবস্থান করা সাইদুরের সহযোগীরা বের হয়ে ওই নারীকে জোরপূর্বক একটি ঘরে নিয়ে যায়। সেখানে তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা মুঠোফোন, জাতীয় পরিচয়পত্র, নগদ টাকা ও ভ্যানিটি ব্যাগ নিয়ে তাঁকে সেখানে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গণধর্ষণ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, ঘটনার পর সাইদুর রহমান আত্মগোপনে চলে যান। প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে নজরদারি করা হচ্ছিল। পরে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুর রহমান ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সাইদুরের অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।



