উজানের ঢল ও দুই দিনের টানা ভারী বৃষ্টির কারণে বাড়ছে তিস্তা নদীর পানি প্রবাহ। ফলে, লালমনিরহাটের তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১১ মিটার, যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত দুই দিনের টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বাড়তে শুরু করেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, গত দুই দিনের অতিভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি দ্রুত বাড়ছে। এতে তিস্তার বাম তীরের জেলা লালমনিরহাটের নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ দিকে বড় বন্যা হয়ে থাকে। সেই বন্যার শ্বঙ্কা করছেন তিস্তাপাড়ের মানুষ।
গোবর্দ্ধন চরের বাসিন্দা আব্দুর রশিদ বলেছেন, “এবার স্থায়ী বড় কোনো বন্যা হয়নি। তবে, আজকে নদীর পানি যেভাবে বাড়ছে, তাতে মনে হচ্ছে, বড় বন্যা হতে পারে। বন্যা হলে নদীপাড়ের মানুষের কষ্টের শেষ থাকে না।”
পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেছেন, “বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। ডালিয়া পয়েন্টে সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পানি সমতলে বাড়তে পারে। সেক্ষেত্রে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।



