সিলেটের জৈন্তাপুর সদরে ঐতিহাসিক বটতলায় সাদপন্থিদের (তাবলিগ জামাতের মাওলানা সাদ্ এর অনুসারী) বিষয়ে আলেম সমাজ ও সর্বস্তরের মুরব্বিয়ানদের সমন্বয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ২টায় ঐতিহাসিক জৈন্তা ইরাদেবী মাঠে অনুষ্ঠিত এ সভায় উলামায়ে কেরাম, ১৭ পরগণার মুরব্বিয়ান, আলিম সমাজ, তাবলিগি সাথী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। সভায় সাদপন্থিদের কর্মকাণ্ড সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির হাফিঃ-এর সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল কুদ্দুস হাফিঃ-এর পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন শায়খুল হাদীস মুবাশ্বির আলী, মাওলানা আবু হানিফ, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা ওলিউর রহমান ও মাওলানা ফয়জুল ইসলাম।
এ সময় ১৭ পরগণার মুরব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফরিদ উদ্দিন, তাহির আলী, আব্দুর রব, ইউসুফ মেম্বার ও পারভেজ। এছাড়া ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামসহ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ও তাবলিগি সাথীরা উপস্থিত ছিলেন।
সভায় স্হানীয় উলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া কোনো তাবলিগ জামাতকে মসজিদে প্রবেশের সুযোগ না দেওয়া, তত্ত্বাবধান ছাড়া কোনো তাবলিগ জামাতের মারকাজ পরিচালনার অনুমতি না দেওয়া এবং জৈন্তাপুর মডেল মসজিদে অনৈসলামিক কার্যক্রম ও মহিলাদের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র সঙ্গে তিনজন প্রতিনিধির পরামর্শক্রমে প্রতি মাসে জৈন্তাপুর মডেল মসজিদে ইসলাহি মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা সাদপন্থিদের কার্যক্রমের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং জৈন্তাপুরে তাদের কার্যক্রম বন্ধের দাবি জানান। সভায় এ দাবিকেই মূল আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব দেওয়া হয়।



