শাবিপ্রবি শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটি

সিলেট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি

সিলেট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি

সিলেটের আঞ্চলিক ও সামাজিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও বিরূপ মন্তব্য করার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৪ অক্টোবর) রাতে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত শিক্ষার্থী মো. ইউসুফ ওমর সালেকিন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর রেজিস্ট্রেশন নম্বর ২০২৪৩৩৪০৫৭।

অভিযোগের বিষয়টি তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে। সদস্য-সচিব করা হয়েছে মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলীকে।

কমিটির অন্য সদস্যরা হলেন স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনায় তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘প্রত্যেক অঞ্চলের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। সিলেটেরও নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। প্রত্যেকেরই অন্য অঞ্চলের মানুষের ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। কোনো অঞ্চলের ভাষা নিয়ে কটূক্তি করা কোনোভাবেই কাম্য নয়, বিশেষ করে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।’

তিনি বলেন, ‘বিষয়টি তদন্তে আমরা একটি কমিটি গঠন করেছি। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩