সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-চ ৭১-২৯৪৯) সঙ্গে সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১৯-৫০৫৩) এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ ১১-৪৮৪৪) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে হাইয়েস মাইক্রোবাসের যাত্রী সুহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে খায়রুল ইসলাম (৪৭) নামের আরেকজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ির ত্রীমূখী সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন মারা যান। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
