হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জামিননামা উপেক্ষা করে গ্রেপ্তার, হয়রানি ও পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন আবজল মিয়া নামে এক ব্যক্তি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সদর মডেল থানার এস আই ধ্রুবেশ চক্রবর্তীসহ পুলিশ সদস্যের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আবজল মিয়া জানান, হবিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উমেদনগরে তাঁদের পূর্বপুরুষের মালিকানাধীন একটি পুকুরের ১৭ শতাংশ জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এ ঘটনায় তিনি ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা করেন। পাশাপাশি ভয়ভীতি ও শান্তিভঙ্গের আশঙ্কায় ২০২৬ সালের ২৩ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ ধারায় আরেকটি মামলা করেন।
তিনি দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের করা একটি মামলায় গত ৪ অক্টোবর আদালতে হাজির হয়ে তাঁদের পরিবারের ১০ সদস্য জামিন পান। তবে ১৪ অক্টোবর গভীর রাতে সদর মডেল থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে সাতজনকে গ্রেপ্তারের চেষ্টা করে। এ সময় জামিননামার অনলাইন ও প্রিন্ট কপি দেখানো হলেও তা গ্রহণ না করে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
আবজল মিয়ার ভাষ্য, পরদিন আদালতে জামিননামা উপস্থাপন করা হলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর ১৬ অক্টোবর এসআই সোহেলসহ পুলিশের একটি দল তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ করে। একই দিন সন্ধ্যায় আবার পুলিশ সদস্যরা বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আবজল মিয়া বলেন, তাঁদের পরিবার কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়।
