শারজায় আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৬ রানে ৪ উইকেট হারানোর পর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিললেও এই জুটি ভাঙতেই আবার ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। রশিদ খানের ঘূর্ণিতে শেষ ৬ উইকেট মাত্র ৩৯ রানে হারিয়ে ১৬০ রানে অলআউট হয়েছে দলটি। ইনিংসের তখনো ৫২ বল বাকি ছিল।
পঞ্চম উইকেটে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন ৯৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে বিপর্যয় থেকে উদ্ধারের চেষ্টা করেন। তবে এই জুটি ভাঙার পর আর প্রতিরোধ গড়তে পারেননি অন্য ব্যাটাররা।
লিটন দাসের চোটে একাদশে সুযোগ পাওয়া ইমন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ৭০ রান করেছেন তিনি। অন্য প্রান্তে সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে ৪১ রান। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত করেছেন ১৫ রান।
এই তিনজন ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। দলের বাকি ব্যাটারদের স্কোর ছিল ১, ০, ০, ২, ৭, ০, ২* ও ০। আফগানিস্তানের বোলারদের দেওয়া অতিরিক্ত ২২ রান বাংলাদেশের স্কোরকে কিছুটা বাড়িয়েছে।
আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল রশিদ খান। ৩১ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আহমেদজাই পেয়েছেন ২টি করে উইকেট।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ফাইনালে জায়গা করে নিতে হলে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হবে বাংলাদেশকে। কিন্তু মাত্র ১৬১ রানের লক্ষ্য দেওয়ার পর সেই সমীকরণ মেলানো কঠিন হয়ে পড়েছে। বরং ম্যাচে বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
