মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্তার পাশের দেওয়াল থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে স্থানীয় শ্রমিকরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় একটি সীমানা প্রাচীরের (দেওয়াল) ওপর সাপটি দেখতে পান।
স্থানীয়রা জানান, হঠাৎ অজগরটি দেখে উপস্থিত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) বসু দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নজমুল ইসলাম বলেন, “সাপটিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে বন বিভাগের সুবিধাজনক ও নিরাপদ প্রাকৃতিক আবাসে এটি অবমুক্ত করা হবে।”
